
মাগুরার শ্রীপুরে পল্লিবিদ্যুতের গাফিলতির কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহফুজুর রহমান (৩৫) নামে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের আমজাদ আলীর ছেলে। মূল পেশায় ভ্যানচালক হলেও তিনি দৈনিক চুক্তিতে পল্লিবিদ্যুতের লাইন রক্ষণাবেক্ষণের সহকারী হিসেবে কাজ করতেন।
বৃহস্পতিবার দুপুরে কল্যাণপুর গ্রামে একটি ১১ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাজের সময় লাইন টেকনিশিয়ান হাসান আলী নামাজে গেলে, লাইনম্যান সুমন কাজী নিজেই নিচে অবস্থান করে দিনমজুর মাহফুজুরকে ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিতে উঠতে বলেন। খুঁটিতে ওঠার সাথে সাথেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। পরে ফায়ার সার্ভিস এসে তাঁর মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার পর লাইনম্যান সুমন কাজী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন এবং টেকনিশিয়ান হাসান আলী আত্মগোপনে চলে যান।
মাগুরা পল্লিবিদ্যুৎ সমিতির জিএম মো. মহিতুল ইসলাম স্পষ্ট করেন যে, কোনো দিনমজুরকে বৈদ্যুতিক খুঁটিতে তোলার নিয়ম নেই।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত লাইনম্যান সুমন কাজী ও লাইন টেকনিশিয়ান হাসান আলীকে সাময়িক বরখাস্ত করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে পল্লিবিদ্যুতায়ন বোর্ডের ঝিনাইদহ অঞ্চলের নির্বাহী প্রকৌশলীকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।