মাগুরা বাস টার্মিনালে যুবদল নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার, মাথায় গুলির চিহ্
ভ্রাম্যমান প্রতিনিধি,(সুবীর ঘোষ):
মাগুরা বাস টার্মিনাল থেকে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের (৪৫) রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে টার্মিনালের ‘রয়েল এক্সপ্রেস’ বাস কাউন্টার থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা
নিহত সাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পৌর যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি তিনি ওই কাউন্টারে ‘কাউন্টার মাস্টার’ হিসেবে কর্মরত ছিলেন।
স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে কাউন্টারের ভেতরে সাকের হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের মাথার পেছনে একটি ছিদ্রের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে স্বজন ও স্থানীয়দের অভিযোগ, তাকে পরিকল্পিতভাবে গুলি করে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন বলেন, "সকালে যুবদল নেতার লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের মাথার পেছনে একটি আঘাতের/ছিদ্রের চিহ্ন রয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।"
এদিকে, হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বাস টার্মিনাল এলাকায় পরিবহন শ্রমিক ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত শ্রমিকদের শান্ত করেন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।