মাগুরা প্রতিনিধি
পূজার আনুষ্ঠানিকতা আজ শেষ হলেও উৎসবের মেলা চলবে আরও সাত দিন।
আয়োজকেরা জানান, প্রতিবছর দুর্গাপূজার ঠিক এক মাস পর মাগুরায় কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়।
গত ১৬ নভেম্বর জমকালো আয়োজনে এ পূজা শুরু হয়। এ বছর জেলায় মোট ১০২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হলেও শহরের সাতদোহা ল্যাংটা বাবার আশ্রম, নতুন বাজার, ছানার বটতলা, নিজনান্দুয়ালী, শিবরামপুর, জামরুলতলা, পারনান্দুয়ালী ও তাঁতিপাড়া—এই আটটি মণ্ডপ ঘিরে মূল আয়োজন হয়েছে।
সরেজমিনে দেখা যায়, প্রতিটি মণ্ডপ ঘিরে তৈরি করা হয়েছে আকর্ষণীয় প্রতিমা, প্যান্ডেল ও ঝলমলে আলোকসজ্জা। এ বছরের অন্যতম বিশেষ আকর্ষণ এক হাজার ২০০ বাঁশের তৈরি সুউচ্চ ও দৃষ্টিনন্দন তোরণ। শৈল্পিক কারুকাজে নির্মিত এই তোরণ দেখতে দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমান। এ ছাড়া প্রতিটি প্যান্ডেলে আধুনিক সাউন্ড সিস্টেম ও গানের তালে রাতভর মেতে ওঠেন দর্শনার্থীরা।
প্রতিদিন সন্ধ্যা থেকে ভোররাত পর্যন্ত মাগুরা ও আশপাশের জেলাগুলো থেকে শত শত বাস, মাইক্রোবাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলে করে হাজার হাজার নারী-পুরুষ মণ্ডপগুলো ঘুরতে আসেন।
উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, জেলার ১০২টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে পুলিশ ও আনসার বাহিনীর মোট ৮১৩ জন সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।
যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের প্রতিটি মণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৫০ সালে মাগুরা শহরতলির পারনান্দুয়ালীতে সতীশ মাঝি নিজ বাড়িতে সর্বপ্রথম এই কাত্যায়নী পূজার সূচনা করেন। সময়ের পরিক্রমায় এটি এখন বাংলাদেশের সনাতনিদের অন্যতম বড় ধর্মীয় ও সামাজিক উৎসবে পরিণত হয়েছে।