সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

শালিখায় ময়লা ফেলাকে কেন্দ্র করে দেবরের আঘাতে ভাবি ও ভাতিজা গুরুতর জখম

Reporter Name

ভ্রাম্যমান প্রতিনিধি:

মাগুরার শালিখা উপজেলার শতখালী গ্রামে ময়লা আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দেবরের লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে ভাবি ও ভাতিজা গুরুতর জখম হয়েছেন। গত ১০ অক্টোবর ২০২৬ তারিখ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই মাহাবুরের হোটেলের ময়লা-আবর্জনা ও বর্জ্য পানি বড় ভাই তফসিরের চাষাবাদি জমিতে ফেলাকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। বড় ভাই তফসির এতে বাধা দিলে ছোট ভাই মাহাবুর ও গোলাম নবী লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তফসিরের ওপর চড়াও হয়।

এ সময় তফসিরের ছেলে (ভাতিজা) বাধা দিতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে তার বাম হাতের কবজির ওপরের হাড় কেটে যায় এবং বুকে মারাত্মক আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়। ঘটনার সময় বড় ভাবি জোসনা বেগম ঠেকাতে এগিয়ে এলে দেবররা তাকেও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম করে। একই সাথে জোসনা বেগমের মেয়েকেও মারধর করা হয়।

প্রতিবেদন লেখা পর্যন্ত আহত মেয়েটি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করলেও জোসনা বেগম ও তার ছেলে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ জোসনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় বারবার বমি করতে দেখা গেছে।

ঘটনাটি নিয়ে আহতরা জানান, তারা এ ঘটনার সুষ্ঠু বিচার চান এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে, এ বিষয়ে অভিযুক্ত মাহাবুর ও গোলাম নবীর বক্তব্য নেয়ার জন্য তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও খুঁজে পাওয়া যায়নি।

শালিখা থানা কর্তৃপক্ষ জানায়, এ ঘটনা সংক্রান্ত বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেনি।



Basic News24